
জনসঙ্ঘ নেতা দীনদয়ালের নাম মুছে দেবে ‘প্রকৃত’ ইতিহাস?
শেক্সপিয়র লিখেছিলেন নামে কী আসে যায়? যায় তো বটেই। বিশেষত সেই নাম যদি হয় কোনও জনপদ, রাস্তা বা স্টেশনের । যেমন মুঘলসরাই। ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম এই জংশন স্টেশনের নামের সঙ্গে জড়িয়ে আছে পরতে পরতে ইতিহাস। সেই ইতিহাস বলছে মুঘলযুগে পূর্বভারত থেকে উত্তরভারতে যাওয়া ক্যারাভানগুলি বিশ্রাম নিত এখানে। ছোট ছোট সরাইখানায় আশ্রয় নিতেন মুঘলরা। সেখান থেকেই উঠে আসে ‘মুঘলসরাই’ নাম। আর যোগী আদিত্যনাথের সরকার এবার সেই ঐতিহাসিক নাম মুছে ফেলে নতুন নাম রাখতে চলেছে জনসঙ্ঘের সভাপতির নামে, দীনদয়াল উপাধ্যায় নগর।
বিজেপি-র যুক্তি এই স্টেশনেই ট্রেনের কামরার ভিতর দীনদয়ালের রহস্যমৃত্যু ঘটে। তাই এই নাম বদল করা উচিত। নাম বদল নিয়ে বিজেপি-র বিরুদ্ধে তরজায় নেমেছে কংগ্রেস। তাদের দাবি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মস্থান মুঘলসরাই। তাই তাঁর নামেই নামকরণ করা হোক স্টেশনের।
বিশ্বের সব থেকে বড় মার্শালিং স্টেশন মুঘলসরাই। এখানেই সব থেকে বেশি ইঞ্জিন ও লাইন পরিবর্তন করা হয়। আর বুকে ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এই স্টেশনের নাম বদল কতটা নৈতিক, এ নিয়েই উঠছে প্রশ্ন। জানান আপনার মতামত।
