
সদ্যোজাত শিশু ও তাদের মায়েদের সম্পূর্ণ পরিষেবা দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য
তিন জেলায় চারটি ‘মিনি মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরি করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। মালদহের সিলানপুর ও সুজাপুর, মুর্শিদাবাদের অনুপনগর ও জলপাইগুড়িতে গড়ে উঠবে এই হাবগুলি। প্রতিটা হাবে ৫০টি করে বেড থাকবে এবং হাবগুলি একেকটি তৈরি করতে খরচ পড়বে প্রায় ১২ কোটি টাকা।
সদ্যই ছটি মাদার অ্যান্ড চাইল্ড হাব চালু হয়েছে উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, নদীয়া জেলা হাসপাতাল এবং কলকাতা, বাঁকুড়া সম্মিলনী ও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই বছরের মধ্যেই জলপাইগুড়ি জেলা হাসপাতাল, মেদিনীপুর ও কোচবিহারের মেডিক্যাল কলেজ হাসপাতালেও গড়ে উঠবে নতুন হাব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই উদ্যোগ মূলত জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতেই বাস্তবায়িত করা হচ্ছে। সদ্যোজাত শিশু ও তাদের মায়েরা যাতে প্রসবের পরের কিছুদিন সম্পূর্ণ পরিষেবা পান, খেয়াল রাখা হচ্ছে সেদিকেও।
