লক্ষ্যমাত্রা ছাপিয়ে ১০২ শতাংশ পড়ুয়াকে মিড ডে মিল খাইয়ে নজির পশ্চিমবঙ্গের

কেন্দ্রের দেওয়া তথ্যেই দেশের মধ্যে সেরা

মিড ডে মিল খাওয়ানোতে নজির! লক্ষ্যমাত্রার চাইতেও বেশি ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাইয়ে দেশে সেরার শিরোপা ছিনিয়ে আনল পশ্চিমবঙ্গ। সম্প্রতি প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের (প্যাব) বৈঠকে কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১০২ শতাংশ পড়ুয়াকে মিড ডে মিল খাইয়েছে এই রাজ্য। পশ্চিমবঙ্গ বাদে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ১০০ শতাংশ পড়ুয়াকে মিড ডে মিল খাওয়ানোর লক্ষ্যমাত্রা পূরণ করেছে কেবলমাত্র রাজস্থান ও অসম। এই দুটি রাজ্যের থেকেও অবশ্য এগিয়ে পশ্চিমবঙ্গ।

প্যাবের রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে প্রাথমিকে ৬৪ লক্ষ ৯৭ হাজার ৯৬৯ জন পড়ুয়াকে মিড ডে মিলের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ। অথচ, সেই সুবিধে পেয়েছে ৬৭ লক্ষ ৫৩ হাজার ৯৪৭ জন। অর্থাৎ, তা লক্ষ্যমাত্রার চাইতে অনেকটাই বেশি। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ১ কোটি ৭ লক্ষ ২৮ হাজার পড়ুয়া মিড ডে মিলের সুবিধে পেয়েছে এই রাজ্যে। যা লক্ষ্যমাত্রার শতাংশের বিচারে ১০২ শতাংশ।

পশ্চিমবঙ্গের পরে আছে যথাক্রমে রাজস্থান, অসম, গুজরাট, তামিলনাড়ু ও কেরল। মিড ডে মিল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ার জন্য রাজ্যের প্রশংসাও করেছে কেন্দ্র।

Developed by DXDasia