৫০তম আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসবে আবার সম্মানিত ‘মনের মানুষ’

‘মনের মানুষ’ দেখানো হবে গোল্ডেন পিকক রেট্রোস্পেক্টিভ বিভাগে

৪১তম আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসবে (IFFI) শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছিল গৌতম ঘোষের ‘মনের মানুষ’। এই উৎসবেই আবার জায়গা করে নিয়েছে গোল্ডেন পিকক রেট্রোস্পেক্টিভ বিভাগে। গোয়া চলচ্চিত্র উৎসব ভারত তথা বিশ্বের অন্যতম বড়ো ও প্রধান আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব। লালন ফকিরের জীবনের আধারে নির্মিত গৌতম ঘোষের এই ছবি ২০১০ সালে সেরা ছবি হিসাবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছিল। কর্তৃপক্ষ তাদের ৫০ বছরের উৎসবে ভারতীয় ছবিকে ট্রিবিউট জানাতেই আবার এই ছবি দেখানোর উদ্যোগ নিয়েছে। ২০১০ সালে জাতীয় সংহতি বিষয়ক চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার পেয়েছিলেন গৌতম ঘোষ। এমনকি সেরা ছবির পুরস্কারও পেয়েছিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গে জমিদারি করতে এসে দেখা পান লালনের। পদ্মা নদীর বজরায় বসে জ্যোতিরিন্দ্র, লালনের একটি স্কেচ তৈরি করেন। কাহিনির উপস্থাপনা লালন ফকিরের জীবন, সময় এবং তার উদারপন্থী শিষ্যদের নিয়ে, যাঁরা উনিশ শতকের ভারতীয় সমাজের কুসংস্কারাচ্ছন্ন থেকে জীবনযাপন করেছিলেন। এই ছবিতে লালনরূপে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সাধন সঙ্গিনীর চরিত্রে পাওলি দাম। 

পাশাপাশি ৫০তম গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে দুটি বাংলা ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ দেখানো হবে আগামী ২৩ নভেম্বর, বিকেল ৫টায়, ম্যাকুইনিজ-এ (গোয়া)। 

Developed by DXDasia