পুজোয় হরিণঘাটার স্পেশাল মোমো পৌঁছে যাবে বাড়িতে

রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগ

খাদ্যরসিক মহলে ক্রমেই বাড়ছে মোমোর জনপ্রিয়তা। পাড়ায় পাড়ায় এখন মোমোর দোকান। এবার পুজোয় রাজ্য প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে হরিণঘাটা মিট নিয়ে আসছে নিরামিষ ও আমিষ মিলিয়ে চার রকমের মোমো, যেগুলোর স্বাদ প্রচলিত মোমোর থেকে একেবারেই ভিন্ন।

এই মোমোর ডিশ অর্ডার করলে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে হরিণঘাটা মিট। যাঁরা আমিষের ভক্ত, তাঁদের জন্য থাকছে চিকেন তন্দুর মোমো এবং চিকেন ক্লাসিক মোমো। সুইট কর্ন মোমো এবং পালক মোমোর নিরামিশ ডিশও থাকবে। প্রতি প্যাকেটের দাম হবে ৯৫ থেকে ১০০ টাকার মধ্যে। 

শিলিগুড়ির কারখানায় পেশাদার বাবুর্চিরা এই মোমো তৈরি করছেন। গোটা রাজ্যে হরিণঘাটা মিট ব্র্যান্ডের আওতায় রয়েছে ২৫২টি দোকান। সেগুলোতে এই মোমো ইতিমধ্যেই পাঠানো শুরু হয়ে গেছে। মোমোর স্বাদে যে এবার বাঙালির শারদীয়া পেটপুজো আরও জমজমাট হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

Developed by DXDasia