
তাঁর আকস্মিক প্রয়াণে ময়দানে নেমে আসে শোকের ছায়া
সুলতান আহমেদ। একটা শুধু নাম নয়। তার চেয়েও অনেক বড় কিছু। মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত এই ব্যক্তিত্ব একটা বড় ছাতার মত। কিন্তু মাত্র ৬৪ বছর বয়সে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে মৃত্যু হল এই মহীরুহের।
১৯৫৩ সালের ৬ জুন জন্ম সুলতান আহমেদের। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি টান ছিল তাঁর। মাঠ করছেন অনেকদিন থেকে। মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গেও দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন সুলতান আহমেদ। তাঁর আকস্মিক প্রয়াণে ময়দানে নেমে আসে শোকের ছায়া।
আসলে ক্লাবটাকে নিজের সন্তানের মতই যত্নে লালন করতেন সুলতান আহমেদ। একটা সময় মহমেডান ক্লাবের সচিব ছিলেন। কিন্তু একসময় অন্তর্বর্তীকালীন মন্ত্রী হওয়ার সময় থেকে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দীর্ঘদিন ধরেই ক্লাবের কোনও স্পনসর ছিল না। সেই সময় সুলতান আহমেদই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে টাকা যোগাড় করতেন আর দল চালানোর ব্যবস্থা করতেন।
