
রাজ্যের ২৬৯টি জেটিকে মডেল জেটিতে রূপান্তরিত করার উদ্যোগ
জেটি রক্ষণাবেক্ষণ ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের ২৬৯টি জেটিকে মডেল জেটি হিসেবে তৈরি করা হবে – বুধবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেকটি মডেল জেটি তৈরি করতে খরচ পড়বে ১০ লক্ষ টাকা। ইতিমধ্যেই জেলাশাসকদের ওই টাকা দেওয়া হয়েছে।
প্রত্যেক জেটিতে থাকবেন দু’জন করে নুলিয়া, যারা নজরে রাখবেন যাত্রী নিরাপত্তার বিষয়টি। অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না জেটিতে। অস্থায়ী জেটি থাকবে না কোনও। প্রত্যেকটি জেটিই থাকবে পরিবহণ দপ্তরের নিয়ন্ত্রণে – এই সমস্ত সিদ্ধান্তই নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন নোটিশ বোর্ডও লাগানো হবে জেটি ও ফেরিঘাটে।
পাশাপাশি, যান্ত্রিক নৌকা চালানোর জন্য মুখ্যমন্ত্রী যে জলধারা প্রকল্পের পরিকল্পনা করেছেন, তার ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, প্রকল্পটির জন্য মাথাপিছু সর্বাধিক এক লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।
