হাতিদের বাঁচাতে গাড়ি করে বেনজির প্রচার রাজ্যের ১০টি বনাঞ্চলে

৪ মাস ধরে চলবে সচেতনতা অভিযান

অনেক সময়েই মানুষের সংস্পর্শে এসে পড়ে জঙ্গলের প্রাণীরা। যেখানে সহাবস্থান কাম্য, সেখানে  মানুষ আর অরণ্যের প্রাণীরা কখনও কখনও সংঘাতে জড়িয়ে পরে। এতে প্রাণহানি এবং অন্যান্য বিপর্যয়ের সম্মুখীন হয় অবস্থা বিশেষে দুই পক্ষই। এবার সেই সংঘাত রুখতে অভিনব পন্থা নিল রাজ্য সরকারের বনদপ্তরের বন্যপ্রাণ শাখা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা ‘শের’।

রাজ্যের ১০টি বনাঞ্চলে গাড়ি চড়ে মাইকিং করে সাধারণ জনগনের কাছে তাঁরা প্রচার করছেন, কীভাবে মানুষ ও বন্যপ্রাণীদের সহাবস্থান সম্ভব। এবারের প্রচারে হাতিদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ৪ মাস ধরে এই অভিযান চলবে। প্রচারে ব্যবহার করা হচ্ছে প্রোজেক্টর, স্ক্রিন, মাইক্রোফোন। মাল্টিমিডিয়ার সাহায্যে কচিকাঁচাদের বোঝানো হচ্ছে, লোকালয়ে ঢুকে পড়া হাতিদের কীভাবে সামলে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠাতে হবে।

‘শের’-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা জয়দীপ কুণ্ডু আমাদের জানালেন, “পশ্চিমবঙ্গে সরকারের বন্যপ্রাণ শাখার সঙ্গে হাত মিলিয়ে আমরা এই কাজে নেমেছি। বন্যপ্রাণী সংরক্ষণে মানুষকে সচেতন করতে আমাদের উদ্যোগ গত কয়েক বছর ধরে চলছে। এটা আমাদের অভিযানের চতুর্থ বছর। আগামী মার্চ পর্যন্ত এই হাতিদের সুরক্ষা নিয়ে এই অভিযান চলবে”।

Developed by DXDasia