
প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যাতে সাধ্যের মধ্যে চিকিৎসা পেতে পারেন, সেদিকেই লক্ষ্য স্বাস্থ্য দপ্তরের
জলযানের মাধ্যমে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এমন ব্যবস্থারই পরিকল্পনা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর। আধুনিক চিকিৎসার যাবতীয় সরঞ্জাম থাকবে মোবাইল বোট ক্লিনিকগুলিতে। প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যাতে সাধ্যের মধ্যে চিকিৎসা পেতে পারেন, সেদিকেই লক্ষ্য স্বাস্থ্য দপ্তরের। ভৌগোলিক প্রতিকূলতার কারণে সুন্দরবনের অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে ঠিকমতো পৌঁছোতে পারেন না। সেই সমস্যারও সমাধান হবে মোবাইল বোট ক্লিনিকগুলি চালু হলে। টীকাকরণ ও গর্ভবতী মহিলাদের যত্ন নেওয়াও সহজ হবে তখন।
যদিও, এই অঞ্চলে আগেও ভাসমান হেলথ ক্যাম্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে চক্ষু পরীক্ষার ক্যাম্প চালানো হয় বোটের মাধ্যমে। এখন শুধু চক্ষু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও উন্নত ও বিস্তৃত পরিষেবা দেওয়াই লক্ষ্য সরকারের।
