
আসছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ অ্যাপ
পরিবেশ দূষণ রুখতে আম-জনতা যাতেও আরও সক্রিয় ভূমিকা নেয়, তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কোথাও জলাভূমি বুজিয়ে ফেলা, বেআইনিভাবে গাছ কাটা, বা অন্য কোনোভাবে প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করার খবর পেলে এবার থেকে যে কোনো সাধারণ মানুষ মোবাইল অ্যাপের মাধ্যমে রাজ্য পরিবেশ দপ্তর অথবা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
আজ বিশ্ব পরিবেশ দিবস। তবে যেহেতু আজ ইদের ছুটি, তাই মঙ্গলবারই সেই অনুষ্ঠান পালন করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর। সেখানেই পর্ষদকর্তারা জানান, সাধারণ নাগরিকদের এবার থেকে পরিবেশ রক্ষার কাজে বেশি করে যুক্ত করা হবে। পর্ষদের সদস্য-সচিব রাজেশ কুমারের উদোগে নতুন অ্যাপের কাজ চলছে। এছাড়া স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গেও যোগাযোগ বাড়িয়ে তোলার চেষ্টা করছে পর্ষদ এবং পরিবেশ দপ্তর।
