
হিন্দি সিনেমা ‘কেসরি’ দিয়েই মিত্রা তার ৮৮ বছরের যাত্রা সমাপ্ত ঘোষণা করল
কলকাতা শহরে বন্ধ হয়ে গেল আরও একটি সিনেমা হল। খরচ চালাতে না পেরে চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শ্যামবাজারের বিখ্যাত মিত্রা সিনেমা হল কর্তৃপক্ষের। সোমবার মিত্রা হলের বর্তমান মালিক জানিয়েছেন সিঙ্গেল স্ক্রিনে আগের মতো আর দর্শক আসেন না। লাভ তো হয়ই না, এমনকি হল চালানোর খরচও উঠে আসে না ঠিকমতো।
শনিবার শেষবারের মতো ছবি প্রদর্শিত হয়েছে। হিন্দি সিনেমা ‘কেসরি’ দিয়েই মিত্রা তার ৮৮ বছরের যাত্রা সমাপ্ত ঘোষণা করল। নর্থ কলকাতা ফিল্ম সোসাইটি প্রতি রোববার সকালে প্রদর্শনী করত ভিন্ন ধরনের সিনেমা। তাতে অংশগ্রহণ করতেন শহরের নবীন-প্রবীণ মানুষ। মূলত হিন্দি ছবির রমরমা বেশি ছিল। এই ধরনের সিঙ্গেল স্ক্রিনগুলির ভবিষ্যৎ সেই এক। চেনা ছকের বাইরে আর হয়তো বেরনো সম্ভব হবে না। মালিক জানিয়েছেন মিত্রা ভেঙে তৈরি হবে একটি শপিং মল। উত্তর কলকাতার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে ছিল মিত্রা। ১৯৩১ সালে যাত্রা শুরু হয়। তবে শুরুতে নাম ছিল চিত্রা। ১৯৬৩ সালে হলের মালিকানা কেনেন জমিদার হেমন্ত কৃষ্ণ মিত্র। পদবী মিত্র থেকেই হলের নতুন নাম দেওয়া হয় মিত্রা সিনেমা। বহু ব্লকব্লাস্টারের সাক্ষী মিত্রা। এখন অনেকে দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন।
