
৬০০০ রান করে বুধবারই বিশ্বরেকর্ড করেছিলেন মিতালি
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজকে চিনতে পারলেন না বিরাট কোহলি। ফেসবুকে নিজের পেজে মিতালি রাজকে অভিনন্দন জানানোর সময় ভারতীয় মহিলা ক্রিকেট দলেরই অন্য এক খেলোয়াড় পুনম রাউতের ছবি আপলোড করে দেন কোহলি। পরে কমেন্টে ভুল ধরিয়ে দিলে, সরিয়ে নেওয়া হয় সেই পোস্ট।
বুধবারই, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করেন মিতালি। ওয়ান ডে ক্রিকেটে আর কেউ এত রান করেননি। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন শার্লট এডওয়ার্ডের রেকর্ড ছিল ৫৯৯২ রানের। সেই রেকর্ড ভেঙেই নতুন মাইলস্টোন ছুঁলেন মিতালি রাজ।
বিরাট কোহলি অভিনন্দন জানিয়ে লিখেছিলেন – ‘ভারতীয় ক্রিকেটের একটি গৌরবময় মুহূর্ত। মিতালি রাজ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হলেন।’ অথচ এই লেখার সঙ্গেই ভুল ছবি আপলোড করেন কোহলি। যা নিয়ে শুরু হয় বিতর্ক।
