
অনীক থেকে অ্যানি হয়ে ওঠার জার্নি
অনীক থেকে অ্যানি হওয়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না। কিন্তু সমস্ত বাধাবিপত্তি পার করে ‘মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯’ প্রতিযোগিতায় ভারতসেরার মুকুট জিতলেন জলপাইগুড়ি নয়াবস্তির অ্যানি দত্ত চক্রবর্তী। রূপান্তরকামী অ্যানির এই সাফল্যে গর্বিত স্বামী সাগ্নিক-সহ তাঁর পরিবার। শরীর আর মনের টানাপোড়েনে সমাজ তাঁর বিরুদ্ধে কথা বললেও, পরিবারের সায় ছিল প্রথম থেকেই। এমনকি স্বামী সাগ্নিক প্রথমদিন থেকে অ্যানির পাশে দাঁড়িয়েছিলেন।
জলপাইগুড়িতে আজ খুশির জোয়ার। অ্যানিকে নিয়ে মেতে উঠেছেন সকল বাসিন্দা। এই প্রতিযোগিতার শেষ রাউন্ডে বিচারকদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় অংশগ্রহণকারীদের। জিজ্ঞাসা করা হয় প্রতিযোগিতার মুকুট জিতলে কী করতে চাইবেন। অ্যানির সাফ উত্তর ছিল, তৃতীয়লিঙ্গ এবং অন্যান্য বাচ্চাদের পড়াশোনা শেখাবার জন্য স্কুল তৈরি করবেন। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন তারা। এইভাবে সমাজের প্রত্যেকটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে চান জলপাইগুড়ির অ্যানি।
