
পিলগ্রিম হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি
জন্ম কলকাতায়, ৯ বছর বয়সে চলে গিয়েছিলেন ইংল্যান্ড। গত বছর জিতলেন ‘মিস ইংল্যান্ড’-এর খেতাব। এবার বিশ্ব মহামারির এই সংকটকালে স্টেথোস্কোপ হাতে ডাক্তারিতে নেমে পড়ছেন বাঙালি মেয়ে ভাষা মুখোপাধ্যায়।
চিকিৎসাবিজ্ঞানে দু’টি পৃথক ডিগ্রি অর্জন করেছেন ভাষা। বোস্টনের পিলগ্রিম হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে কাজ করতেন। গত বছর ইংল্যান্ডের সেরা সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য চিকিৎসকের কাজ ছেড়েছিলেন। বিজয়ী হওয়ার পর মডেলিং শুরু করেন। কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সম্প্রতি। গত কয়েক সপ্তাহ দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে ভারতেই ছিলেন। ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আবার পুরোনো পেশা ডাক্তারিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ভাষা।
ইংল্যান্ডে ফিরে তিনি এখন নিয়ম অনুযায়ী গৃহবন্দি আছেন। সপ্তাহ দুয়েক পর পুরোনো কর্মস্থল প্রিলগ্রিম হাসপাতালে যোগ দেবেন। আত্মনিয়োগ করবেন করোনা রোগীদের সেবায়।
