
পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন জল, বিস্কুট, কেক
করোনার বিরুদ্ধে জোরদার লড়াই চালাচ্ছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। নিজের সংসদীয় এলাকায় একটি টিম তৈরি করে সারাক্ষণ জনগণের সুখ-দুঃখের খোঁজ নিচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন। নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ ও ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে। লকডাউনের মধ্যে যাদবপুর লোকসভা অঞ্চলে কর্মরত পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে নজির তৈরি করলেন তিনি।
লকডাউন পরিস্থিতিতে সবারই প্রশংসা লাভ করেছে কলকাতা পুলিশের নানা উদ্যোগ। প্রচণ্ড গরম উপেক্ষা করে তাঁরা কাজ করে চলেছেন। কখনও মহামারি নিয়ে গান গেয়ে সচেতনতার প্রচার করছেন, কখনও অসহায় বৃদ্ধের কাছে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। কর্তব্যে অবিচল পুলিশকে কুর্নিশ জানালেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার যাদবপুর লোকসভা অঞ্চলে কর্মরত পুলিশকর্মীদের হাতে জল বিস্কুট ও কেক তুলে দিলেন তাঁর অফিসের কর্মীরা। নিরলস পরিশ্রম করে চলা পুলিশকর্মীদের উদ্দেশ্যে মিমি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “আশা করি আপনারা এভাবেই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সুরক্ষা করতে থাকুন সকলের নিরাপত্তা”।
ঋণ – মিমি চক্রবর্তীর ফেসবুক পেজ
