
বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড- ডে মিলের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ
এবার থেকে মিড- ডে মিলের কাজকর্ম কেমন চলছে, তা নজরে রাখার জন্য নিয়োগ করা হবে স্বেচ্ছাসেবক। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মিড-ডে মিল নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বহু অভিযোগ এসেছে। চাল ও ডিম সংক্রান্ত কারচুপির খবরও নজরে এসেছে সরকারের।
কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল প্রত্যেকদিনের মিড-ডে মিলের যাবতীয় হিসেব এসএমএসের মাঠ্যমে পাঠাতে। প্রধান শিক্ষকদের প্রতি এই নির্দেশ সত্ত্বেও কারচুপি বন্ধ তো হয়ই নি, বরং নথিতে বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করার কথাও শোনা গিয়েছে। এই সমস্যা আটকাতেই এখন উঠেপড়ে লেগেছে সরকার।
ডিআই, এসআইদের মিড ডে মিল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও এবার থেকে কাজে নামবেন। তবে, তাঁদের নিয়োগপর্বের সম্পর্কে এখনই কিছু জানাননি পার্থবাবু।
