
নতুন পোশাক ছেলেদের স্কার্ট
স্কার্টের চাহিদা বেড়েছে। দামও বাড়তে পারে। ব্রিটেন এবং ইউরোপের কিছু দেশে গরমে অতিষ্ঠ হয়ে পুরুষরা এখন স্কার্ট পরতে শুরু করেছে। ফ্রান্সে বাস চালকরা গরমে টিকতে না পেরে ফুলপ্যান্ট ছেড়ে স্কার্ট ধরেছেন। শর্টস বা খাটো প্যান্ট পরার ওপর নানা বিধিনিষেধ রয়েছে। কিন্তু নিয়োগকর্তারা কখনও ভাবেননি যে পুরুষ কর্মচারীরা কোনও দিন স্কার্ট পরেও কাজে চলে আসতে পারেন। তাই স্কার্ট নিয়ে কোনও বিধি নিষেধ নেই। আর গরমে পাগল হয়ে সেই সুযোগটাই সবাই নিচ্ছেন। সেই কারণেই ফ্রান্সের বাস ড্রাইভাররাও গরম থেকে সাময়িক রেহাই পেতে স্কার্ট পরে কাজে আসতে শুরু করেছেন। আর ড্রাইভারদের স্কার্ট পরে কাজে আসার সেই ভিডিও এখন ভাইরাল। ইতিমধ্যেই এক লক্ষ ষাট হাজার বার অনলাইনে সেই ভিডিও দেখেছেন মানুষ।
বাস ইউনিয়নের একজন সদস্য বলেন, তারা চান নিয়ম বদল করা হোক। শর্টস পরার অনুমতি দেওয়া হোক এই রকম ভয়ঙ্কর গরমের সময়ে। বাকিংহামশায়ারের এক কল সেন্টারের এক কর্মীকে অবশ্য স্কার্ট পরে কাজে আসার পর বাড়িতে ফেরত পাঠানো হয়। কারণ তার পোশাক কোম্পানির ড্রেস কোডের পরিপন্থী ছিল।
