
তিনি জৈব পদ্ধতিতে বেগুন চাষ করছেন নিজের জমিতে
রাসায়নিক সার এবং কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে ফসলকে রক্ষা করতে সারা পৃথিবী জুড়ে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেগুন চাষ নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন মালদার এক তরুণ। চাকরির প্রস্তুতি নিতে নিতেই তিনি পরিবেশ-বান্ধব এবং জৈব পদ্ধতিতে বেগুন ফলিয়ে নজির তৈরি করেছেন।
মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা মহম্মদ শামিম। নিজের জমিতেই বেগুন চাষ করেন তিনি। কৃষক পরিবারের ছেলে শামিম বেগুন চাষে গোবর ও অন্যান্য জৈব সার ব্যবহার করেন। পোকাদের সংক্রমণ রুখতে প্রয়োগ করেন নিমপাতার নির্যাসের মতো নানা প্রাকৃতিক উপায়। এভাবেই তিনি দারুণ সুস্বাদু বেগুন উৎপাদন করছেন। তাঁর চাষ করা একেকটি বেগুনের ওজন তিনশো থেকে পাঁচশো গ্রাম।
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কৃষি মেলায় জৈব পদ্ধতিতে বেগুন চাষের জন্য তৃতীয় পুরস্কার লাভ করলেন মহম্মদ শামিম। শুক্রবার তাঁর বাবা আনারুল হক সেই পুরস্কার গ্রহণ করেন কৃষি আধিকারিক খাবির আহম্মদের হাত থেকে।
ছবিসূত্র-ফেসবুক
