
দেশে দেশে চলবে প্রচার
বিদেশ থেকে যত বেশি পড়ুয়া বাংলায় পড়তে আসবেন, বাংলার সঙ্গে নানা দেশের সাংস্কৃতিক আদান-প্রদান বাড়বে। ভিন দেশের মানুষেরা বাংলার ঐতিহ্য-কৃষ্টি সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। এবার, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে, যাতে অন্য দেশের ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে ওঠে।
এখন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ থেকে ১০ শতাংশ পড়ুয়া বিদেশি। কর্তৃপক্ষ চাইছে, এই সংখ্যা যাতে কমপক্ষে ২০-২৫ শতাংশ হয়। তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে এই বিশ্ববিদ্যালয়। নানা দেশে গিয়ে কর্মশালা, প্রচার চালাবেন তাঁরা। বিদেশি কিছু এজেন্সির সঙ্গে গাঁটছড়াও বাঁধতে পারে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মূলত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, রাশিয়া, আফ্রিকার কিছু দেশ থেকে পড়ুয়া টানার ব্যাপারে জোর দিচ্ছে এই প্রতিষ্ঠান।
বিদেশি পড়ুয়ার সংখ্যা বাড়লে জাতীয় র্যাং কিং-এ প্রযুক্তি বিদ্যালয়ের স্থান আরও ওপরে উঠবে। কারণ, জাতীয় র্যাং কিং-এ বিদেশি পড়ুয়ার সংখ্যার ওপর আলাদা নম্বর থাকে। ইতিমধ্যেই, পড়ুয়াদের কেরিয়ারের কথা ভেবে প্লেসমেন্ট পোর্টাল চালু করেছে এই বিশ্ববিদ্যালয়। এবার, বিদেশি পড়ুয়াদের সংখ্যা বাড়লে এই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলার মুখও আরো উজ্জ্বল হবে।
