‘বজরং দলের লোকেরাই খুন করেছে আমার স্বামীকে’

‘গো-মাংস নয়, কয়লার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি’

‘বজরং দলের লোকেরাই খুন করেছে আমার স্বামীকে’ – এমনটাই অভিযোগ মরিয়ম খাতুনের। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রামগড়ে গো-মাংস বহনের অভিযোগে খুন হওয়া আলিমুদ্দিনের স্ত্রী তিনি। পাশাপাশি, তাঁর স্বামী গো-মাংসের ব্যবসা করতেন – পুলিশের এই দাবিকেও অস্বীকার করেছেন তিনি। ‘কয়লার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন।’ – জানালেন মরিয়ম। যদিও, আলিমুদ্দিনের হত্যার সঙ্গে কোনওরকম সংযোগের কথা অস্বীকার করেছেন ঝাড়খণ্ডের বজরং দলের প্রধান।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো-রক্ষক বাহিনীকে সতর্ক করার পরেও আলিমুদ্দিনকে খুন করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁর গাড়িতেও। মরিয়ম চান, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

মরিয়মের পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্তরা এখনও পলাতক।

Developed by DXDasia