বক্তৃতা রেকর্ড করা সত্ত্বেও তা সম্প্রচার করল না দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও

সাম্প্রতিক ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলে এবার ‘কণ্ঠরোধ’-এর শিকার হতে হল খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে।স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর বক্তৃতা রেকর্ড করা সত্ত্বেও তা সম্প্রচার করল না দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও।প্রসার ভারতী জানাল, বক্তৃতা সংশোধন না করা হলে তারা তা সম্প্রচার করতে অপারগ। মানিক সরকার বলেন, এটি একটি ‘অ-গণতান্ত্রিক, স্বৈরাচারী এবং অসহিষ্ণু পদক্ষেপ’।এবিষয়ে এখনও প্রসার ভারতীর প্রতিক্রিয়া জানা যায়নি।

১২ আগস্ট মানিক সরকারের বক্তব্য রেকর্ড করা হয়। মঙ্গলবার সন্ধ্যে সাতটায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়, সংশোধন না করলে মুখ্যমন্ত্রীর বক্তব্য দূরদর্শন এবং আকাশবাণীতে সম্প্রচার করা যাবে না। মানিক সরকারের দপ্তর থেকেও সাফ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও পরিবর্তন করতে তাঁরা আগ্রহী নন।

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৭৭-এ মোরাজজি দেশাইয়ের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে এল কে আদবানিই প্রথম আকাশবাণী এবং দূরদর্শনে বিরোধীদের কথা বলার অধিকার দেন।এ প্রসঙ্গে আদবানি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘ I also wanted to demonstrate that AIR and Doordarshan were no longer the instrument of propaganda for the government or the ruling party. Thus, a day after the new Prime Minister’s customary address to the nation, I invited the Leader of the Opposition in the loksabha to broadcast his views to the nation on AIR and Doordarshan. (MY COUNTRY MY LIFE/ L K ADVANI/ PAGE 278) আর তাঁরই উত্তরসূরী মোদি সরকারের জমানায় একজন মুখ্যমন্ত্রী বিরোধী দলের হওয়ায় তাঁর বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কণ্ঠরোধের নতুন নজির সৃষ্টি করল প্রসারভারতী।

Developed by DXDasia