ইস্তেহারে মমতার সর্বভারতীয় ভাবনা, কাজ মিলবে ২০০ দিন

এদিন কাশ্মীর সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন তিনি

১০০ দিনের কাজকে ২০০ দিনের করার প্রস্তাব রাখল তৃণমূল কংগ্রেস। মজুরি ১৯১ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। দেখতে হবে, ১৫ দিনের মধ্যে শ্রমিকেরা তাঁদের মজুরির টাকা যেন হাতে পেয়ে যান। বুধবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে এই কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হল-
•    মুখ্যমন্ত্রী বলেছেন, স্বাধীনতার এত বছর পরেও কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। সেই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। এদিন বলেন, "জঙ্গলমহল, পাহাড়ে শান্তি ফিরিয়েছি। কাশ্মীরেও পারব।" 
•    নোটবন্দির বিচারবিভাগীয় তদন্ত থেকে জিএসটি নিয়ে পর্যালোচনার কথা রয়েছে ইস্তেহারে। 
•    তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূরণ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। 
•    কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা ও জীবিকা নির্বাহের সুবন্দোবস্ত করার কথাও এসেছে। কৃষকেরা যেন কম দামে উৎপাদিত শস্য বিক্রি করতে বাধ্য না হন।
•    নারীদের ক্ষমতায়নের দিকে বিশেষ নজর দেওয়াও হয় ইস্তেহারে।

ভারতকে কিছুতেই সংকীর্ণ, একমাত্রিক সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা যাবে না, এই দেশের ধর্মনিরপেক্ষ, উদার এবং বহুত্ববাদী চরিত্র যেন সবসময় মাথা তুলে দাঁড়াতে পারে, সেই বিষয়েও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Developed by DXDasia