
রাষ্ট্রপতির আমন্ত্রণে মমতা দিল্লি যাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, হয়তো বরফ গলছে তিস্তা নিয়ে
তিস্তা নিয়ে কি বরফ গলতে শুরু করল? রাজনৈতিক মহলের সেটাই অনুমান। আগামী ৮ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই নৈশভোজে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় টেলিফোন করে আমন্ত্রণ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সরকারি সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ৭ এপ্রিল, শুক্রবার রাতে দিল্লি যাচ্ছেন ৮ তারিখের নৈশভোজে উপস্থিত থাকার জন্য। শেখ হাসিনা ৭-১০ এপ্রিল পর্যন্ত দিল্লিতে থাকবেন। ইতিমধ্যেই বাংলাদেশের অর্থমন্ত্রী আব্দুল মুহিত দিল্লিতে পৌঁছে গিয়েছেন। শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এবারের বৈঠকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে। তার মধ্যে তিস্তা জল বণ্টন বিষয়টিও রয়েছে। থাকতে পারে তিস্তা ব্যারাজ সংস্কার ইত্যাদি বিষয়ও। এই বিষয়ে অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম ঘোষণা করে রেখেছেন, রাজ্যের স্বার্থ রক্ষা করেই যা করার করতে হবে। তবে ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আমন্ত্রণ মমতা যে ভাবে শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়েছিলেন, রাজ্যের স্বার্থের প্রশ্ন তুলে, এবারে কিন্তু ওই একই বিষয়ে দিল্লি সফর নিয়ে সেই অনিশ্চয়তা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, হয়তো বরফ গলছে তিস্তা নিয়ে।
