ভোট এগিয়ে আসতে পারে, দলকে প্রস্তুত থাকতে বললেন মমতা

রাজ্য কংগ্রেসকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, পঞ্চায়েত ভোটে রুখতে হবে বিজেপি-কে

বিজেপি লোকসভা ভোট এগিয়ে আনতে পারে। ২০১৯-এর বদলে এক বছর আগে, ২০১৮ সালেই লোকসভা ভোট করা হতে পারে। দলকে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।

শুক্রবার তৃণমূল ভবনে ছিল দলের কোর কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন সব বিধায়ক, সাংসদ, এবং নেতা-নেত্রীরা। দলীয়সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মমতা বলেন, রাজ্য কংগ্রেস নিয়ে দলের নেতাদের বেশি মাথা ঘামাতে হবে না। এই বিষয়টি তিনি নিজেই দেখছেন। দিল্লিতে যে একটা বিরোধী জোট গঠনের চেষ্টা চলছে, সেই ইঙ্গিত দিয়ে তৃণমূলনেত্রী বলেন, আগামী পঞ্চায়েত ভোটে বিজেপিকে কঠোর ভাবে মোকাবিলা করতে হবে। নিচুতলায় যাতে বিজেপি-সিপিএম বোঝাপড়া না হয়, সেদিকেও দলের নেতাদের খেয়াল রাখতে বলেন তিনি।

প্রসঙ্গত, রাজ্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যদি কোনও রাজনৈতিক বোঝপড়া কংগ্রেসের হাই কমান্ড দিল্লি থেকে চাপিয়ে দেয়, তাহলে কি এই রাজ্যে কংগ্রেস ভাঙবে? এই প্রশ্ন নিয়ে কিন্তু কংগ্রেসের ভিতরেই আলোচনা চলছে। মুর্শিদাবাদে জোর রটনা, অধীর চৌধুরী নিজেই দল ছাড়তে পারেন। রাজ্য বিজেপি সভাপতিও বলে রেখেছেন, অধীর বিজেপিতে স্বাগত। বিজেপির যেহেতু রাজ্যে তেমন বড় মুখ নেই, অধীরের মতো নেতাকে পেলে বিজেপির উপকারই হবে। তবে বিজেপির স্থানীয় নেতৃত্ব কতটা সত্যিই অধীরকে চাইছেন, আর অধীরের দল ছাড়ার বিষয়টি কতটা রটনা, কতটা বাস্তব, সেসব পরিষ্কার হতে আরও সময় লাগবে।

আজকের বৈঠক থেকে পরিষ্কার, মমতা বিজেপিকে মোটেই হালকা করে দেখছেন না। বিজেপির ধর্মের রাজনীতির মোকাবিলা করতে, মমতা দলকে নির্দেশ দিয়েছেন, সাংস্কৃতিক কাজ কর্ম বহু গুন বাড়িয়ে দিতে এবং মানুষের পাশে থাকতে। সেই লক্ষ্যে তৃণমূল গ্রীষ্মকালের রক্ত সংকট সামাল দিতে এক মাসে ৫০ হাজার বোতল রক্ত সংগ্রহ করবে। আর গরমের জন্য এই সব ক্যাম্প হবে রাতে। জেলায় জেলায় অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠনেরও আয়োজন করতে বলেছেন তৃণমূলনেত্রী। এদিনের বৈঠকে দলের কয়েক জন নেতা, নেত্রী, বিধায়ক, সাংসদকে তিনি কড়া ধমক দিয়েছেন বিভিন্ন সময়ে তাঁদের আচরণের জন্য। এক শ্রমিকনেতাকে সরিয়ে দিয়েছেন সমস্ত পদ থেকে। দলের নেতা কর্মীদের বিজেপির নাম না করে বলেছেন, সোশাল মিডিয়ায় অপপ্রচার হচ্ছে। প্রতিরোধ করুন। যথাযথ জবাব দিন। মমতা নেতাদের বলেন, কেউ যদি নিজে এসব না পারেন, তাঁরা যেন বাড়ির অল্প বয়েসী ছেলে মেয়েদের সাহায্য নেন। কিন্তু এই কাজ করতেই হবে, অপপ্রচারের জবাব দিতেই হবে। নারদা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি সবাইকে অসম্মান করছে, নীতীশকে করেছে, অখিলেশকে করেছে। তৃণমূলকেও করা হচ্ছে। নেতাদের তিনি বলেন, ভয় পাবেন না।

Developed by DXDasia