
উদ্বোধন হল গোকুলাম কেরল এফসি বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ দিয়ে
করোনার প্রকোপে সারা বিশ্বজুড়ে দীর্ঘসময় স্তব্ধ ছিল ক্রীড়াজগত। পরিস্থিতি হালকা হতে শুরু করলে এক এক করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে দেশগুলো। ২০২০-র বিপর্যয়ে ‘কলকাতার হৃদয়’ ময়দানও যে খানিক দুর্বল হয়ে পড়েছে, তা ওই চত্বরে একটু হেঁটে বেড়ালেই বোঝা যায়; সবুজের মধ্যেও সবকিছু যেন বড্ড ফ্যাকাসে, এদিক-ওদিক ছোটখাটো অনুশীলন ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। আশেপাশের ক্লাবগুলোও কেমন যেন হতাশ, সবকিছু নতুন করে শুরু করার কোনও চিহ্ন পাওয়া যাচ্ছিলো না। তবে এবার, এই পরিস্থিতির জরা কাটিয়ে উঠতে শহরে উদ্বোধন করা হল নতুন একটি স্টেডিয়ামের।
করোনা পরিস্থিতির মধ্যেই দেশজুড়ে ফুটবল শুরু হয়েছিল আগেই, এবার দর্শকদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হল এবং সোমবার আই লিগের গোকুলাম কেরল এফসি বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ দিয়ে উদ্বোধন হল ইএম বাইপাসের ধারের কিশোর ভারতী স্টেডিয়ামের। নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে এই স্টেডিয়ামের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সর্ব ভারতীয় ফুটবল সংস্থার সহ-সভাপতি সুব্রত দত্ত ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার। আশা করা যাচ্ছে, একটা মাঠ বাড়ার ফলে অন্য স্টেডিয়ামগুলোর চাপ কিছুটা হলেও কমবে।
