
শিল্পবান্ধব নয়া দুই নীতি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ পুলিশ দিবসে সমস্ত পুলিশ কর্মীদের শুভেচ্ছা ও কুর্নিশ জানিয়ে শিল্পে বিনিয়োগ থেকে রাজ্যের নয়া শিল্পবান্ধব নীতি নিয়ে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক প্রকল্পের পর এবার কর্মসংস্থানের দিকে জোর দিচ্ছে রাজ্য। বুধবার পানাগড় শিল্পতালুকে ৪০০ কোটির পলিফিল্মের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে। এ রাজ্য শিল্পে এক নম্বর হবেই। এবার শিল্পই টার্গেট আমাদের।’
রাজ্যে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে শিল্পবান্ধব নয়া দুই নীতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথাও জানান তিনি। ওই বোর্ডটি শিল্পকর্তাদের আবেদন খতিয়ে দেখার পাশাপাশি শিল্প গড়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ইথানল প্রোডাকশন প্রোমোশন পলিসি চালু করছে রাজ্য। বায়ো ফুয়েলের মূল উপাদান ইথানল। ভাঙা চাল থেকে তৈরি হয় এই ইথানল। তার জন্য ওই ভাঙাঈ চাল কৃষকদের থেকে নেওয়া হবে। সেই খুদকুঁড়ো দিয়ে তৈরি হবে বায়ো ফুয়েল। এই জ্বালানি তৈরি করতে গ্রামেগঞ্জে প্রচুর কারখানা গড়ে উঠবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, এরই সঙ্গে কাজ পাবেন অন্তত ৪৮ হাজার মানুষ। দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ২ বছরের মধ্যে অণ্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হবে। বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় ৩০টি হেলিপ্যাড তৈরি হয়েছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তৈরিতে যাতে সমস্যা না হয়, তাই কাল থেকে পূর্ণসময় খোলা থাকবে ব্যাংক।
