
শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের ঘটনা
বন্দিরা যাতে নিজেদের বিচ্ছিন্ন না ভাবেন, সে-জন্য মঙ্গলবার দেবীপক্ষের সূচনায় শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে মহালয়ার অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী অনুষ্ঠিত হল দু’দফায়। এদিন সকালে প্রথমে সেখানে ফুলেশ্বেরী নন্দিনী সংস্থার শিল্পীরা তাদের অনুষ্ঠান করার পর দুপুরে সারদা সংঘের সদস্যরা অনুষ্ঠান করেন। সুপার নবীন কুজুর জানিয়েছেন, বন্দিদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো এবং তাদের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার ভাবনা থেকেই এই ধরনের অনুষ্ঠান।
সুভাষপল্লী ফুলেশ্বেরী নন্দিনী-র সভাপতি সুহাস বসু জানান, তাঁরা এদিন সেখানে অনুষ্ঠান করে সকলকে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার বার্তা দিয়েছেন। একই সঙ্গে সকলের মঙ্গল কামনা করেছেন। বন্দিদের অনেকেই মন্ত্র মুগ্ধ হয়ে এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে ধৈর্য সহকারে অনুষ্ঠান শোনেন। ঐ সংস্থার তরফে সুহাসবাবু আরও জানিয়েছেন, যেসব বন্দি সঙ্গীতে আগ্রহী তাঁদের তাঁরা সেখানে নিয়মিত সঙ্গীত শেখাতে চান। তাছাড়া যেসব বন্দি গল্প, কবিতা লিখতে আগ্রহী, তাঁদের লেখা প্রকাশের ক্ষেত্রেও তাঁরা আগ্রহী।
শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোডে অবসরপ্রাপ্ত শিক্ষক অমর দত্ত পেনশনের টাকায় প্রতি বছরের মতো এবারেও মহালয়ার অনুষ্ঠান করেন। অমরবাবু এদিন সেখানে দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণের উদ্যোগও নেন।
