
হাই মাদ্রাসার ফল, দাপট ছাত্রীদের, পিছিয়ে নেই অমুসলিম পড়ুয়ারাও
পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসার ফল প্রকাশিত হল। পরীক্ষায় বসেছিল ৫২ হাজার ১১৫ জন। এর মধ্যে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ২২৮৭ জন। প্রথম দশে আছে ১৪ ছাত্রছাত্রী। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ৬। প্রথম হয়েছে যুগ্মভাবে মুর্শিদাবাদের আমিরাবাদ হাই মাদ্রাসার আরিফউদ্দিন শেখ এবং গোলাম সরওয়ার পারভেজ।দু’জনেই পেয়েছে ৭৬৩ নম্বর। ওই মাদ্রাসা থেকে প্রথম দশে রয়েছে ৫ জন। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের চক লছিপুর হাই মাদ্রাসার মহম্মদ সামিম।মালদহের বাটলা আদর্শ হাই মাদ্রাসার মাসুমা খাতুন ৭৫৩ নম্বর পেয়ে হয়েছে তৃতীয়।
মাদ্রাসা শিক্ষার অধিকর্তা এবং পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি আবিদ হুসেন জানিয়েছেন, এবারে পাশের হার ৭৮.৪০ শতাংশ।
অমুসলিম পরীক্ষার্থীদের মধ্যে ৭২৯ নম্বর পেয়ে অষ্টম হয়েছে হাওড়ার খলতপুর হাই মাদ্রাসার পড়ুয়া প্রশমা শাসমল।কেন অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় পড়তে যাচ্ছে? উত্তরে প্রশমা জানালো, বাড়ির কাছে স্কুল থাকলেও, খলতপুর মাদ্রাসার এত সুনাম, শিক্ষকেরা এত মনযোগী ছাত্রছাত্রীদের প্রতি, তাই প্রশমা ক্লাস সিক্সে উঠে এখানে চলে আসে। প্রশমা জানালো তার ভাইও এখন ওই স্কুলের ছাত্র। প্রশমা ইতিমধ্যেই আল আমিন মিশন স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে গেছে।
