কলকাতার গোয়েন্দাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন লন্ডনের পুলিশ কমিশনার
কলকাতা থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করছিল একটি চক্র। তাদের গ্রেপ্তার করে লন্ডন পুলিশের থেকে প্রশংসা আদায় করল কলকাতা পুলিশ।
এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অধিকর্তা লালবাজারে অভিযোগ জানান, তাঁদের সংস্থার নাম ব্যবহার করে কলকাতা থেকে ফোন করা হয়েছে বিদেশের নানা জায়গায়। কখনও বা কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে, কখনও বা ভাইরাস ঢুকিয়ে কম্পিউটার বিকল করে দিয়ে প্রচুর টাকার প্রতারণা করা হয়েছে। লন্ডন পুলিশের কাছেই জমা পড়েছে এরকম ২৩ হাজার অভিযোগ। লন্ডনে একেকজনের থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত আদায় করেছে এই চক্র, লন্ডন পুলিশ একথা জানায় লালবাজারকে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তপসিয়া রোড (সাউথ) এবং রফি আহমেদ কিদওয়াই রোডে ২টি কল সেন্টারে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ৭ জনকে। বিদেশি নাগরিকদের থেকে এরা সব মিলিয়ে কয়েক কোটি টাকার প্রতারণা করেছিল। অপরাধের কিনারা হওয়ায় কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক।