খড়গপুরে এক মাটির বাড়িতে মিলল রবীন্দ্রনাথের লেখা চিঠি – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

খড়গপুরে এক মাটির বাড়িতে মিলল রবীন্দ্রনাথের লেখা চিঠি

খড়গপুরে শ্রীকৃষ্ণপুর দেশপ্রিয় সংঘ কালীমন্দিরের পাশে এক পরিত্যক্ত মাটির বাড়ি ভাঙতে গিয়ে পাওয়া গেল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি চিঠি। সেখান থেকে পাওয়া আরও কিছু জিনিসকে দুষ্প্রাপ্য মনে করা হচ্ছে। এই বাড়ির আদি মালিক ছিলেন সুরেন্দ্রনাথ এবং জ্যোৎস্না মুখোপাধ্যায়। তাঁরা প্রয়াত হলে তাঁদের বংশধরদের থেকে জমিটি কেনেন রাজা সরকার নামের এক ব্যক্তি। তিনি লোক লাগিয়ে পরিত্যক্ত বাড়িটি ভাঙতেই মেলে রবীন্দ্রনাথের চিঠি-সহ নানা সামগ্রী। ১৯৩৫ সালের ১১ মার্চ চিঠিটি লিখেছিলেন রবি ঠাকুর। মনে করা হচ্ছে, খড়গপুর কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন অধ্যক্ষ হিমাংশুভূষণ সরকারকে উদ্দেশ্য করে এটি লেখা। রাজা সরকার জানিয়েছেন, সরকার বা পুরাতত্ত্ব বিভাগ এই চিঠি সংরক্ষণ করতে চাইলে তিনি দিয়ে দেবেন।

ভেষজ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

করোনা প্রতিরোধ করতে সচেতনতার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করছে ব্যক্তি থেকে বিভিন্ন সংগঠন। একাংশ কালোবাজারির হাতে চলে গেছে এই হ্যান্ড স্যানিটাইজার ও মুখোশ। এই অবস্থায় সাধারণ মানুষকে বিকল্প পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পাশাপাশি সুরেন্দ্রনাথ কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, একাধিক বিজ্ঞান সংগঠন–সহ ছাত্র–শিক্ষকরাও হাত লাগিয়েছেন এই কাজে। এবার ভেষজ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগ। আজ, শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে বিক্রি করা হবে।
কীভাবে বানাবেন হ্যান্ড স্যানিটাইজার? জেনে নিন-
• ১০ লিটার তৈরিতে উপকরণ- আইসোপ্রপাইল অ্যালকোহল ৯৯.‌৮% ‌:‌ ৭৫১৫ মিলি পারক্সাইড ৩% :‌ ৪১৭ মিলি গ্লিসারল ৯৮% :‌ ১৪৫ মিলি
• পদ্ধতি– প্রথমে একটি বড় জারে নির্দিষ্ট পরিমাণ আইসোপ্রপাইল অ্যালকোহল ঢালতে হবে। তাতে পরিমাপক চোঙ দিয়ে নির্দিষ্ট মাপে যোগ করতে হবে হাইড্রোজেন পারক্সাইড। এরপর সেই চোঙের সাহায্যে জারে ঢালতে হবে গ্লিসারল। ফোটানো জল ঠান্ডা করে তা দিয়ে চোঙটি ধুয়ে ঢালতে হবে জারে। সেই জল দিয়েই ১০ লিটার পূর্ণ করে জারের ঢাকনা আটকে দিতে হবে। এবার মিশ্রণটি ভালভাবে ঝাঁকিয়ে নিতে হবে। যান্ত্রিক ব্যবস্থা থাকলে প্যাডেল ঘুরিয়ে মেশানো যেতে পারে। অতি দ্রুত এই দ্রবণটি ৫০০ বা ১০০ মিলি–র বোতলে ভরে ছিপি বন্ধ করে রেখে দিতে হবে ৭২ ঘণ্টা। এর পরই সেটি স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:‌ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

করোনার জেরে স্থগিত উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা

রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়াতে মাঝপথে তা বন্ধ করা হয়নি। কিন্তু যেভাবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর ঝুঁকি নিতে রাজি নয় সরকার। তাই, ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২৩, ২৫ এবং ২৭ মার্চ তিনটি পরীক্ষা বাকি ছিল। সেগুলি বাতিল হয়েছে। ১৫ এপ্রিলের পর নতুন করে সূচি বানিয়ে কেবল বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। আগে যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে সেগুলি আর নতুন করে দিতে হবে না। পাশাপাশি, স্থগিত রাখা হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির পরীক্ষাও। ইতিমধ্যে এনআইওএস, এআইসিটিই, জয়েন্ট এন্ট্রান্স এবং পিএসসি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা স্থগিত রেখেছে আইসিএসই এবং আইএসসি কর্তৃপক্ষও।
Developed by DXDasia