June 15, 2023 | 8:41 AM

আগামী প্রজন্মকে গাছের শীতল ছায়া দিতে ঘরে ঘরে তৈরি হোক টেরারিয়াম

টবে গাছ করার উপায় নেই? দেখে নিন এই ভিডিও

উঁচু দেওয়ালের ঘর, বাড়ির মধ্যিখানে উঠোন আর বিশাল ছাদ আজ অতীত। শহরের বুকে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে অনেকেই দু-কামরার ফ্ল্যাটবাড়িকে ঘর করে তোলেন। আর ঘর লাগোয়া ব্যালকনি থাকলে তো উপরি পাওনা। মরশুমি ফুলগাছ কিংবা ইনডোর প্ল্যান্ট-এ বারান্দা বাগান তো অনেকেই করছেন। কিন্তু যাদের ব্যালকনি থাকে না কিংবা টবে গাছ করার উপায় নেই? বাতিল করে দেওয়া পুরোনো একোয়ারিয়াম কমবেশি আমাদের সকলের বাড়িতেই থাকে। চার চৌকো হোক কিংবা গোল, যে কোনো কাঁচের জারকেই বানিয়ে ফেলা যায় গাছেদের ঘর। আজ্ঞে হ্যাঁ। আর এই গোটা ব্যাপারটাকেই বলা হয় টেরারিয়াম (Terrarium) বন্ধ হোক বা খোলা, দু-ধরনের টেরারিয়ামই বানানো খুব সহজ। কিন্তু আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী বদ্ধ নয়, খোলা মুখের টেরারিয়াম বানানোই বুদ্ধিমানের কাজ।

খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় এই টেরারিয়াম। এতে আপনার ঘরের সৌন্দর্যও বাড়বে আর সবুজ প্রাণের উপস্থিতি শরীর ও মন দুই-ই ভালো করবে। কিন্তু মেইনটেইন কী করে করবেন সেটাই ভাবছেন তো? খুব সহজ। গাছ বসানোর পরে একবার জল দিয়ে ভালো করে মাটি ভিজিয়ে নিতে হবে। এবং প্রতিদিন জল স্প্রে করতে হবে দিনে একবার করে। কিছুদিন পরপর মাটিতে আঙুল দিয়ে দেখে নিতে হবে গাছের জল লাগবে কিনা। মনে রাখতে হবে, মাটি শুকনো হলে তখনই আবার জল দিতে হবে। আরও একটা প্রয়োজনীয় বিষয় গাছের নির্বাচন। প্রধানত ইনডোর প্ল্যান্ট এই টেরারিয়ামে বসানো হয়। তার মধ্যেও যে সমস্ত গাছ স্যাঁতস্যাঁতে মাটি ভালোবাসে, সেই গাছগুলোকেই বেছে নিতে হবে।

 

আজকের ভীষণ কোলাহলপূর্ণ জীবনে ক্লান্ত হয়ে দিনের শেষে ঘরে ঢুকে আপনার মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে। আর যারা পরিবারের ছোট্ট সদস্য, তাদেরকে সঙ্গে করে নিয়ে এই টেরারিয়াম বানিয়ে ফেলুন। তাহলেই আমাদের আগামী প্রজন্ম গাছেদের শীতল ছায়ায় বেড়ে উঠবে।

______________

মৈত্রেয়ী ব্যানার্জির এই ভিডিওটি রেকর্ড করেছেন প্রেমাংকুর নস্কর। সম্পাদনা করেছেন পতিত্য মালিক। পরিবেশনায় বঙ্গদর্শন.কম।
 

Developed by DXDasia