পাহাড়ে আগুনের রাজনীতিতে ছুটি বাতিল দমকলকর্মীদের

আগুনের খবর লাগলেই দে ছুট। তাদের এখন রাতের ঘুম ছুটেছে, সময় নেই খাওয়ার

আগুন, আগুন বলেই দে ছুট। আগুন জ্বলছে পাহাড়ে। ফলে পাহাড় তো বটেই উত্তর- দক্ষিণ বঙ্গের দমকল কর্মীদের বহু টিম এখন পাহাড়ে। দমকল কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। শিলিগুড়ি ছাড়া জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার, বহরমপুর, নদীয়া মিলিয়ে মোট ১০ টি বিশেষ ধরনের মিনি ওয়াটার ট্যাঙ্ক পাহাড়ে গিয়ে আগুন নেভানোর কাজে নেমেছে। তাছাড়া সমতল থেকে আগুন নেভাতে চারটে বিশেষ দমকল বাইক এখন পাহাড়ে কাজ করছে।

পাহাড়ে আগুন লাগতেই পাহাড় তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন দমকল কর্মীর ছুটি বাতিল হয়েছে। কলকাতা থেকে দমকল মন্ত্রী ও ডি জি দমকলের নির্দেশে সব ছুটি বাতিল হয়েছে। শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের  ডিভিশনাল ফায়ার অফিসার অশোক ভট্টাচার্য খোদ দার্জিলিঙে বসে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এদিন  জানিয়েছেন, বৃহস্পতিবার তারা পাহাড়ে বড় ফায়ার কল পেয়েছেন চারটে। তাছাড়া ছোট ছোট কিছু ফায়ার কল আসছে। কল পেলেই তাদের কর্মীরা ছুটছেন। উবে গিয়েছে মৃত্যু ভয়। তাছাড়া চাকরি বাঁচাতে হবে। বিজন বাড়ি, লোধামা সর্বত্র তারা আগুন নিভিয়েছেন। সোমবার থেকেই সমতলের দমকল টিম পাহাড়ে যাওয়া শুরু করে। সমতল থেকে কোচবিহার জলপাইগুড়ি মিলিয়ে ১২ জন করে ২৪ জনের দুটি বিশেষ দমকল কর্মীদের স্কোয়াডও পাহাড়ে গিয়ে কাজ করছে। মিরিক,বিজন বাড়ি মিলিয়ে আগুন নেভাতে তিনটি মোটর বাইক আগে থেকেই পাহাড়ে কাজ করছে। তার বাইরে সমতল থেকে আরও চারটে আগুন নেভানোর বাইক বুধবার পাহাড়ে পৌঁছে গিয়েছে। দরকার হলে আরও আগুন নেভানোর বাইক পাহাড়ে যাবে বলে স্থির হয়েছে।

পাহাড়ে মোট পাঁচটা দমকল কেন্দ্র রয়েছে। কালিম্পং, কার্শিয়ং, দারজিলিং,মিরিক ও বিজন বাড়িতে  যত আগুন নেভানোর ট্যাঙ্ক রয়েছে, তার বাইরেও সমতল থেকে আনা হয়েছে ট্যাঙ্ক । তবে পাহাড়ের রাস্তায় ছোট দমকল ইঞ্জিন বেশি দরকার। সমতলের সব ইঞ্জিন সেখানে গিয়ে কাজ করতে পারবে না। জলেরও সমস্যা রয়েছে। সব চালক পাহাড়ি রাস্তায় গিয়ে গাড়ি চালাতে পারে না। তারপর এই বন্‌ধে দমকল কর্মীদের খাওয়া দাওয়া, থাকা এই রকম অনেক অসুবিধে রয়েছে। এক দমকল কর্মী শুক্রবার সমতল থেকে পাহাড়ে গিয়ে জানালেন, এখানের খাবার খেয়ে হিল ডায়রিয়া হতে পারে বুঝেও তারা পাহাড়ে আগুন নেভাতে রয়েছেন। আগুনের খবর লাগলেই দে ছুট। তাদের এখন রাতের ঘুম ছুটেছে, সময় নেই খাওয়ার। তারা আগুন নেভাচ্ছেন বটে কিন্তু তাদের মনেও প্রশ্ন, এই শান্ত প্রকৃতির কোলে আগুন ধরাতে এতটুকু মায়া হয় না ‘জঙ্গি’ আন্দোলনকারীদের।

Developed by DXDasia