লাফিং গ্যাসের সাহায্যে প্রথম যন্ত্রণাহীন প্রসব করানো হল বাংলায়

এই পদ্ধতির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই

লাফিং গ্যাস ব্যবহার করে কোনো রকম যন্ত্রণা ছাড়াই প্রসব ঘটাতে সক্ষম হল কলকাতা মেডিক্যাল কলেজ। এই পদ্ধতি ১ মাসে এখনও পর্যন্ত ২৫ জন প্রসূতির ওপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এরকম পদক্ষেপ রাজ্যের ইতিহাসে প্রথম বলেই মনে করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান ডাঃ পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই পদ্ধতি ব্যবহারের পরীক্ষামূলক প্রস্তুতি চলছিল গত ১ বছর ধরে। এই ব্যাপারে স্বাস্থ্য ভবনের অনুমতিও চাওয়া হয়েছিল। অনুমতি মেলার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সেমিনার, ওয়ার্কশপ প্রভৃতির আয়োজন করা হয়েছিল। অবশেষে সফলভাবে লাফিং গ্যাস দিয়ে যন্ত্রণাহীন প্রসব করিয়ে রেকর্ড গড়ল মেডিক্যাল কলেজ।
 
এই পদ্ধতি অনুযায়ী লাফিং গ্যাস এবং অক্সিজেন সমপরিমাণে মিশিয়ে এনটোনক্স নামের এক গ্যাস তৈরি করা হয়। গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁদের মুখে মাস্ক লাগিয়ে পরিমাণমতো এই গ্যাস দিতে হয় সেখানে। এর ফলে যন্ত্রণা কমতে থাকে। এভাবে লাফিং গ্যাস ব্যবহার করলে প্রসূতির কোনো ক্ষতি হয় না, কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও এতে নেই। 
 

Developed by DXDasia