শেষ অ্যালবামের ইচ্ছা পূরণ হয়নি মান্না দে-র

‘এই অ্যালবামটা না করে আমি মরব না।’ – বলতেন তিনি

‘শুধু গান গেয়ে গেয়ে যেতে চাই। যে দিন গাইতে পারব না, সে দিন যেন এক মিনিটও বেঁচে না থাকি ঈশ্বরের কাছে’ – এটাই প্রার্থনা করতেন মান্না দে। মৃত্যুর কয়েক বছর আগে দেয়া সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছা এভাবেই প্রকাশ করেছিলেন তিনি।

জীবনের শেষ অ্যালবাম করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সে ইচ্ছা অপূর্ণ রেখেই তিনি চিরবিদায় নেন ২০১৩ সালের ২৪ অক্টোবর। স্ত্রী সুলোচনার স্মৃতিতে ৯৪ বছর বয়সেও এই অ্যালবাম করার জন্য বদ্ধপরিকর ছিলেন তিনি। অ্যালবামের শিরোনাম ঠিক করা হয়েছিল, ‘জানি আবার দেখা হবে’। মান্না নিজেই সুর দিয়েছিলেন গান ক’খানির। মান্না দে বারবার বলতেন, ‘এই অ্যালবামটা না করে আমি মরব না।’

এত বড় শিল্পী হয়েও একটা আফসোস ছিল তাঁর। তিনি মনে করতেন, মুম্বাইয়ে তাঁকে ততটা সুযোগ দেয়া হয়নি। এক সাক্ষাৎকারে ফুটেও উঠেছে তাঁর মনের এই বেদনার কথা। তিনি বলেছিলেন, ‘দেখেছি আমার গান হিট করেছে। দেদার রেকর্ড বিক্রি হচ্ছে। লোকের মুখে মুখে ফিরছে আমার গান। কিন্তু চলচ্চিত্র পরিচালক বা প্রযোজকেরা আমাকে তাঁদের ছবিতে নিতে খুব একটা আগ্রহী ছিলেন না কখনো। আমি বঞ্চনার শিকার। নইলে আরো অনেক বেশি গানের রেকর্ড থাকতে পারত আমার। বাংলা গানের ক্ষেত্রে আমি সুরকার হিসেবে বঞ্চিত। বাংলা ছবির প্রযোজকেরা আমাকে সুরকার হিসেবে বিশেষ সুযোগ দেননি। মনে হয়, আমার ওপর তাঁরা সেভাবে ভরসা করতে পারেননি। আমার বিশ্বাস, আরো অনেক কিছু দেয়ার মতো আমার ছিল।’

তবে, মান্না দের বাংলা গানে প্রথম পদচারণা সুরকার হিসেবে, গায়ক হিসেবে নয়। তিরিশের দশকে ‘বালুকা বেলায় অলস খেলায় যায় বেলা’ গানখানিতে সুর দিয়েছিলেন তিনি। এর আগে তিনি বাংলা গান রেকর্ড করেননি। গানখানি গেয়েছিলেন সে সময়ের জনপ্রিয় শিল্পী সুপ্রীতি ঘোষ।

Developed by DXDasia