
চালু হতে চলেছে ভূতল পরিবহন নিগমের নতুন এসি বাস পরিষেবা
সমুদ্র উপকূলে ছুটি কাটাতে বহু মানুষই বেছে নেন বকখালিকে। এতদিন কলকাতা থেকে বকখালি যেতে কম করে ছ’ঘণ্টা সময় লাগত। এবার থেকে ভূতল পরিবহন নিগম এমন এসি বাস পরিষেবা চালু করতে চলেছে, যার মাধ্যমে সওয়া তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে বকখালি পৌঁছনো সম্ভব।
খুব শিগগিরই প্রতিদিন একটি করে এসি বাস কলকাতা থেকে বকখালি রওনা দেবে। আগে প্রত্যেক রবিবার সিটিসির তরফ থেকে বকখালিগামী একটি এসি বাস কলকাতা থেকে দুপুর ১টায় যাত্রা শুরু করত। তবে নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ভেসেল পরিষেবায় সমস্যা দেখা দিলে বাস নিয়মিত চালানো যাচ্ছিল না। এবার নদীর উপর নামখানা থেকে নারায়ণপুর পর্যন্ত সেতু হয়ে যাওয়ার ফলে সহজেই এসি বাস চালানো যাবে। সময়ও লাগবে খুব কম। বেসরকারি লাক্সারি বাসও এই সুবিধে পাবে।
ইতিমধ্যেই প্রতিদিন ভূতল পরিবহন নিগমের দশটি নন-এসি বাস নিয়মিত কলকাতা-বকখালি যাতায়াত করছে। জানা গেছে, আরও চারটি নন-এসি বাস চালু করা হবে এই রুটে।
