ভোট-উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্রীষ্মের দাবদাহ

আপাতত নেই বৃষ্টির কোনও সম্ভাবনা

এখনও পর্যন্ত এই মরশুমের উষ্ণতম দিন আজ, বুধবার। কলকাতায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে আজকের তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার ৪১ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ফণী পশ্চিমবঙ্গ ছাড়ার পর থেকে ক্রমশই গরমের দাপট বাড়ছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া অফিস। গরমের সঙ্গে বাতাসের আর্দ্রতাও দক্ষিণবঙ্গে অস্বস্তির কারণ হয়ে উঠছে। একে তো ভোটের উত্তেজনা তার ওপরে অসহ্য গরম – সব মিলিয়ে শহরে নাজেহাল অবস্থা। এখন দক্ষিণ বঙ্গোপসাগরে এল নিনোর উপস্থিতিতে বাড়ছে সমুদ্রের জলের উষ্ণতা। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বাতাসের আর্দ্রতাও। এল নিনোর প্রভাবে এবার দক্ষিণবঙ্গে গরম আগের বছরগুলোর থেকে তীব্র ও দীর্ঘস্থায়ী হবে। এদিকে, কলকাতার পাশাপাশি বাংলার অন্যান্য জেলাতেও পারদস্তম্ভ ক্রমশ বাড়ছে। 

Developed by DXDasia