
মৃতদেহ, ঘটনাস্থল এবং আশেপাশের সব জায়গার ছবি একই সঙ্গে তোলা সম্ভব
খুন বা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে এতদিন সাধারণ ক্যামেরাতেই ছবি তুলে এসেছে পুলিশ। অনেক সময়েই গুরুত্বপূর্ণ নানা প্রমাণ তাতে বাদ চলে যেত। বারবার ছবি তুলতে ঘটনাস্থলে ছুটতে হত। এবার কলকাতা পুলিশ এমন প্রযুক্তি ব্যবহার করা শুরু করল, যাতে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব।
মঙ্গলবার সকালে টালিগঞ্জের নেতাজিনগরে একটি বাড়ি থেকে দুই বৃদ্ধ-বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই দিলীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী স্বপ্নাদেবীর রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত করতে বুধবার কলকাতা পুলিশ প্রয়োগ করল ছবি তোলার নতুন পদ্ধতি থ্রিডি মডেলিং। অন্যান্য অপরাধের তদন্তেও এই এই পদ্ধতি কাজে লাগানো হবে।
অত্যাধুনিক এই পদ্ধতির সাহায্যে ছবি তোলার পর কম্পিউটারে থ্রিডি ইমেজ তৈরি করা যাবে। সেখানে একই সঙ্গে মৃতদেহ, ঘটনাস্থল এবং আশেপাশের সব জায়গার ছবি দেখতে পারবেন তদন্তকারী অফিসাররা।
