
কলকাতা পুলিশের নয়া উদ্যোগ
শহরের ভিড়ে লুকিয়ে থাকা পকেটমারদের চিনিয়ে দেবে একটি যন্ত্র। দীপাবলি ও ধনতেরাসের আগে কলকাতা পুলিশের এমনই এক নয়া উদ্যোগ। পুলিশের সিসিটিভির সঙ্গে যুক্ত একটি যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে, ভিড়ের মধ্যে মিশে থাকা কার কার বিরুদ্ধে পুরোনো দুষ্কর্মের রেকর্ড। জানা গিয়েছে, এবার গোয়েন্দাকর্তাদের মতে, ‘ফেস রেকগনিশন সিস্টেম’ বা এফআরএস পদ্ধতিতে ধনতেরাসের আগে মধ্য কলকাতার বউবাজার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট-সহ শহরের যে জায়গাগুলিতে সোনার দোকান বেশি, সেখানেই কেপমার বা অন্য দুষ্কৃতীদের উপর নজর রাখতে সুবিধা হবে। একই সঙ্গে অন্যান্য অপরাধীদের উপরও চালানো যাবে নজরদারি। এই ‘এফআরএস’ পদ্ধতিটি আপাতত শহরের বেশ কয়েকটি জায়গায় কলকাতা পুলিশের সিসিটিভির সঙ্গেই যুক্ত করা হয়েছে। ধীরে ধীরে কলকাতা পুলিশের ১৬০০ সিসিটিভিতেই যুক্ত করা হবে ‘এফআরএস’।
দীপাবলির আগে সোনার দোকানের উপর নজর পড়ে বিভিন্ন জেলা, এমনকী ভিনরাজ্য থেকে আসা মহিলা ও পুরুষ কেপমারদের। তাদের মধ্যে যারা আগেই ধরা পড়েছে, ‘এফআরএস’-এর সাহায্যে তাদের উপর নজর রাখা কিছুটা সহজ। কিন্তু নতুন কেপমারদের দল শহরে এলে তাদের যাতে রোখা যায়, তার জন্য তৈরি হয়েছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দীপাবলির আগে থেকেই সোনার দোকানের উপর নজরদারি শুরু হয়েছে। দোকানের সিসিটিভি অবশ্যই চালু রাখতে বলা হয়েছে। সোনার দোকানের কর্মী ও নিরাপত্তারক্ষীদেরও সতর্ক করা হয়েছে বলে জানানো হয়েছে।
