
“মুন্ডু গেলে খাবটা কী?/ মুন্ডু ছাড়া বাঁচব নাকি?”
“মুন্ডু গেলে খাবটা কী?/ মুন্ডু ছাড়া বাঁচব নাকি?”- সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির একটি বিখ্যাত গান। গাইছে গুপি। সেই কালজয়ী গানের দু’টি লাইন এবার ব্যবহার করল কলকাতা পুলিশ। আরও একবার কলকাতার লক্ষ লক্ষ মানুষকে সচেতন করা হচ্ছে, প্রত্যেকে বাইক চালানোর সময় যেন অবশ্যই হেলমেট ব্যবহার করেন। গত শনিবার কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল পেজে পোস্ট হওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এর আগেও কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশ সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন করেছে। ২৪ জুন তাদের আরও একটি পোস্ট “মাথায় রাখুন হেলমেট”। এছাড়াও এই বিশ্বকাপের মরশুমে তাদের ফেসবুক পেজে দেখা যাবে ঝাঁকে ঝাঁকে ক্রিকেট নিয়ে দুর্দান্ত সব পোস্ট। সম্মাননীয় ব্যক্তিবর্গদের জন্মদিনেও সামিল হয় কলকাতা পুলিশ। প্রত্যেকটি পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
তবে হেলমেট নিয়ে কলকাতা পুলিশের এহেন প্রচার সত্যিই অভিনব এবং আকর্ষণীয়। বাইকে এখন হেলমেট পরা/না পরা নিয়ে চারিদিকে প্রচার হচ্ছে। নেটিজেনরাও বেশ সোচ্চার। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় এই প্রচার যুবসমাজকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’- অভিযানে কলকাতা পুলিশের সঙ্গে সামিল তিলোত্তমার অধিকাংশ নাগরিক। বাইক চালানোর সময় হেলমেট পরা অবশ্যই জরুরি, তা আমাদের ভুলে গেলে কীভাবে চলবে?
