ক্যানসার সারানোর জন্য কাটতে হয়েছিল নাক, নতুন নাক বানিয়ে দিলেন চিকিৎসকরা

কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনা

দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন মায়াপুরের এক বৃদ্ধ। এই রোগ সারাতে নাকের একটা বড়ো অংশ বাদ চলে গিয়েছিল। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা হাল ছেড়ে দেন নি। অসাধ্যসাধন করে সেই বৃদ্ধকে নাক ফিরিয়ে দিয়েছেন তাঁরা।

যাদু ঘোষের নাকে ঘা দেখা দিয়েছিল কয়েক বছর আগে। তার ফলে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ঘা তো সারছিলই না, বরং ক্রমশ বাড়ছিল। শেষ পর্যন্ত তিনি ডাক্তারের দ্বারস্থ হন। ঘা হওয়ার বছর দুয়েক পরে ডাক্তাররা বুঝতে পারেন, বৃদ্ধের নাকে বাসা বেঁধেছে করাল রোগ ক্যানসার। 

কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, অস্ত্রোপচার করে সেই ক্যানসারকে উপড়ে ফেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ হল। নাকের ক্যানসার আক্রান্ত অংশটি কেটে বাদ দিলেন ডাক্তারেরা। এতে বৃদ্ধ তো সুস্থ হলেন, তবে নাকে একটা গভীর ক্ষত হয়ে গেল।

মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের ডাক্তারেরা তখন বেনজির এক অস্ত্রোপচার করলেন। বৃদ্ধের কপাল থেকে ৭ সেন্টিমিটার বাই ৩ সেন্টিমিটার দেহাংশ কেটে লাগিয়ে দিলেন সেই নাকে। চামড়া, মাংস, শিরা-ধমণীর সংযোগ ঘটানো হল। এই ভাবে রক্ত সঞ্চালন ঘটল নাকের কেটে যাওয়া অংশে। বৃদ্ধ আবার তাঁর হারানো নাক ফিরে পেলেন। আর কিছুদিনের মধ্যেই দৈনন্দিন সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন যাদু ঘোষ।

 

Developed by DXDasia