করোনা আবহে আপাতত স্থগিত ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পরবর্তীতে এই উৎসব কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে

জ সকাল অবধি সব ঠিক ছিল, সেইমতো গতকাল সাংবাদিক বৈঠকও হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় করোনা আবহে আপাতত বাতিল করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনা আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। আক্রান্ত চেয়ারপার্সন রাজ চক্রবর্তীও সস্ত্রীক করোনা আক্রান্ত হন মঙ্গলবার। এছাড়াও আয়োজক কমিটির একাধিক সদস্য আক্রান্ত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ মানুষ সহ বহু সিনেমাপ্রেমী এবং ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিত্বের করোনা পজিটিভ হওয়ায় জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে রাজ্য সরকার আপাতত স্থগিত রাখছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব হওয়ার কথা ছিল ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীতে এই উৎসব কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।

রাজ এবং পরমব্রতর আলোচনাক্রমে এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঠিক হয় আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হবে। কথা ছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের। মঙ্গলবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই বহাল ছিল। যদিও সাংবাদিক বৈঠকে থাকতে  পারেননি বিধায়ক-পরিচালক। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, একই দফতরের সাধারণ সম্পাদক শান্তনু বসু, প্রচার কমিটিরপক্ষ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল।

খবরটি পাওয়ার পর অনেক সিনেপ্রেমীই বলছেন, পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর অন্য পথ ছিল না। ফলে, খারাপ লাগলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো ছাড়া অন্য পথ নেই।

Developed by DXDasia