
মোট ৭০টি দেশের ১৭০টি ছবি এবছর দেখানো হবে শহরের ১৬টি প্রেক্ষাগৃহ জুড়ে
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৪তম বছরে পদার্পণ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উৎসবের উদ্বোধন করবেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রখ্যাত ইরানিয়ান চিত্র-পরিচালক মাজিদ মাজিদি, দাদাসাহেব ফালকে প্রাপ্ত প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন-জয়া বচ্চন, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যামব্যাসাডার শাহরুখ খান, অভিনেতা সঞ্জয় দত্ত, চিত্র-পরিচালক মহেশ ভট্ট, অভিনেত্রী ওয়াহিদা রহমান, শর্মিলা ঠাকুর, নন্দিতা দাস এবং টলিপাড়ার অসংখ্য বিশিষ্ট অভিনেতা-পরিচালকেরা।
গত বছরের মতো এই বছরও থাকছে বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ বিভাগ। যেখানে প্রমথেশ বড়ুয়া, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তী চলচ্চিত্র-নির্মাতাদের একটি করে ছবি দেখানো হবে। চলচ্চিত্র উৎসবে এবারের থিম কান্ট্রি অস্ট্রেলিয়া। উদ্বোধনে উপস্থিত থাকছেন তিনজন প্রতিনিধি। চলচ্চিত্র-সম্পাদক জিল এলিজাবেথ বিলকক, চিত্র-পরিচালক ফিলিপ নয়েস এবং সিমন বাকের।
মোট ৭০টি দেশের ১৭০টি ছবি এবছর দেখানো হবে শহরের ১৬টি প্রেক্ষাগৃহ জুড়ে। কমিটির আলোচ্য বিবেচনা এবং সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার প্রতিবেশী জেলা হাওড়া এবং উত্তর ২৪ পরগণার কয়েকটি হলে ছড়িয়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র উৎসব। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, স্টার থিয়েটার, প্রিয়া ছাড়াও হাওড়ার পিভিআর অবনী এবং দমদমের পিভিআর ডায়ামন্ড প্লাজাতেও থাকছে। এই প্রথমবার কলকাতার বসুশ্রী সিনেমাহল নতুন সংযোজিত হয়েছে।
আজ শনিবার, ১০০ বছরের বাংলা সিনেমাকে ট্রিবিউট জানাতে উদ্বোধনের শুরুতেই থাকছে একটি মিউজিকাল জার্নি। বিকেল ৪:২২ এ মূল পর্ব শুরু।
