
এছাড়াও ‘পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন আরও তিন পুলিশ আধিকারিক
প্রতি বছর কর্মদক্ষতার জন্য পুলিশ কর্তাদের সম্মান জানায় রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর। সম্মানকারীরা সরাসরি মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পান। এবারও তার অন্যথা হচ্ছে না। লালবাজার সূত্রে জানা গিয়েছে, অসামান্য দক্ষতার জন্য ‘মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেল’ (Chief Minister Police Medal) পাচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। এছাড়াও ‘পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ আরও দুই পুলিশকর্তা – এডিজি (কারা) পীযূশ পান্ডে এবং আইজি (উত্তরবঙ্গ) ডিপি সিং।
স্বরাষ্ট্রদপ্তরের পক্ষ থেকে ‘পুলিশ মেডেল ফর কম্মেনডেবল সার্ভিস’ পাচ্ছেন আরও সাতজন আইপিএস। আইজি (সিআইডি) আনন্দ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ও কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ) অপরাজিতা রাই। আগামী ১৫ অগাস্ট কলকাতার রেড রোডে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে তাঁদের এই পদক প্রদান করা হবে বলে জানা গিয়েছে। পদক তুলে দেবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য মূলত দুটি বিভাগে এই পুরস্কার দিয়ে থাকে – দৃষ্টান্তমূলক কাজ এবং প্রশংসাযোগ্য কাজ। দৃষ্টান্তমূলক কাজ বিভাগে পুরস্কৃত হচ্ছেন সৌমেন মিত্র-সহ তিন পুলিশ আধিকারিক। প্রশংসাযোগ্য কাজ বিভাগে পুরস্কৃত হচ্ছেন সাতজন পুলিশ কর্তা। নগরপাল সৌমেন মিত্রের হাতে ‘মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেল’ যাওয়াটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ২০১৬ এবং ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি গুরু দায়িত্ব পালন করেছিলেন। হিংসার আবহে কলকাতার ভোট মিটিয়েছিলেন দক্ষতার সঙ্গে। তাই সৌমেনবাবুর হাতে পুরস্কার যাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ।
