
প্রতিদিন সকাল এবং সন্ধেবেলা ছড়ানো হচ্ছে জীবাণুনাশক
করোনা সংক্রমণে রাসায়নিক স্প্রে ব্যবহার করে চিন সুফল পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে এবার কলকাতা পুরসভাও সেই পথে হাঁটল। সোমবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছে সেই জীবাণুনাশক রাসায়নিক।
মঙ্গলবার থেকে এসএসকেএম, বেলেঘাটা আইডি, বাঙুর এবং অন্যান্য জায়গায় স্প্রে শুরু হয়।রাস্তাঘাট ধোয়া এবং ডিভাইডারে জল দিতে পুরসভাকে ২০টি জেট-স্প্রে গাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্যসভা সাংসদদের তহবিল থেকে সেগুলির ব্যবস্থা করা হয়েছিল। সেই গাড়িগুলি করে জলে সোডিয়াম হাইপোক্লোরাইট মিশিয়ে শহরের নানা প্রান্তে স্প্রে করা চলছে প্রতিদিন সকাল এবং সন্ধেবেলা।
ঘনবসতি এলাকা, হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরের চিহ্নিত জায়গাতে মূলত দেওয়া হবে এই স্প্রে। এছাড়া, সেসব বহুতলে করোনা সংক্রমণের আশংকা রয়েছে, সেগুলির বিভিন্ন ফ্লোরে বিশেষ ফগিং মেশিন দিয়ে এই রাসায়নিক ছড়ানো হবে। তার জন্য জরুরি অর্ডার দিয়ে আনানো হয়েছে ২০টি ফগিং মেশিন।
