কলকাতা বড়োদিন উৎসবের ঢাকে কাঠি আর কিছুক্ষণেই

সন্ধে সাড়ে পাঁচটায় পার্ক স্ট্রিটে শুরু হবে উৎসব

আর সামান্য অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। ঠিক সন্ধে সাড়ে ৫টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালান পার্কে ক্রিসমাস ট্রি-তে আলো জ্বেলে এবছরের বড়োদিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন। কলকাতার বিশপ রেভারেন্ড প্রবাল কান্ত দত্ত, আর্চবিশপ রেভারেন্ড থমাস ডি’সুজা উপস্থিত থাকবেন উদ্বোধনী মঞ্চে। কলকাতা পার্ক হোটেল এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে পালিত হবে পার্ক স্ট্রিটের এই বড়োদিন উৎসব।

এবছর ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রখ্যাত শিল্পীদের নানা রংবেরং-এর অনুষ্ঠান এখানে মাতিয়ে রাখবে মানুষকে। ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়োদিনের বিকেল ৪টে থেকে রাত ১০ পর্যন্ত অ্যালান পার্ক ও ক্যামাক স্ট্রিটকে সংগীতময় করে রাখবেন স্ট্রিট সিঙ্গাররা। তবে, শুধু কলকাতাতেই নয়, রাজ্যের আরও ৬টি জায়গায় সরকারি উদ্যোগে বড়োদিন পালন করা হবে এবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ব্যান্ডেল, চন্দননগর ও কৃষ্ণনগরও মাতবে ক্রিসমাস ফেস্টিভ্যালে।

Developed by DXDasia