গো-রক্ষার নামে ফের খুন ঝাড়খন্ডের রামগড়ে

গাড়ি থেকে নামিয়ে এলোপাথারি মার, হাতজোড় করেও রেহাই পেলেন না আলিমুদ্দিন

বল্লভপুরের জুনেইদ, গিরিডির উসমানের পর এবার মনুয়া গ্রামের আলিমুদ্দিন। গো-ভক্তির নামে মানুষ খুন মেনে নেওয়া যায় না, প্রধানমন্ত্রীর এই উক্তির কয়েক ঘন্টার ভিতরেই খুন হতে হল আলিমুদ্দিন নামের এক মাংস ব্যবসায়ীকে। ঝাড়খণ্ডের রামগড়ের বাজারটাঁড়ের ঘটনা।

একটি সাদা মারুতি ভানে মাংস নিয়ে যাচ্ছিলেন আলিমুদ্দিন। তাঁকে গাড়ি থেকে জোর করে নামিয়ে এলোপাথারি মারতে শুরু করে স্বনিযুক্ত গো-রক্ষাকারীরা।গাড়িটিকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে গুরুতর আহত আলিমুদ্দিনকে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিমুদ্দিন নয়াসরাই ব্লকের মনুয়া গ্রামের বাসিন্দা। রামগড়ের চিতরপুর বাজার থেকে মাংস কিনে গ্রামে ফিরছিলেন।একদল লোক বাজারটাঁড়ের কাছে তাঁর গাড়ি থামিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আক্রান্ত আলিমুদ্দিন হাতজোড় করে কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু সে সবে কর্ণপাত না করেই চলতে থাকে নৃশংস মারধর।

হাজারিবাগের ডিআইজি ভীমসেন টুটি জানান, ঘটনাস্থল থেকে কিছু ছবি ও ভিডিও ফুটেজ জোগাড় করা হয়েছে । অপরাধীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে।

Developed by DXDasia