ত্রিপুরায় খুন হলেন বাঙালি সাংবাদিক

আইপিএফটি সমর্থকরা বুধবার ধারালো অস্ত্র দিয়ে কোপায় তাঁকে

ফের সাংবাদিক হত্যা। এবার ত্রিপুরায়। বুধবার খবর সংগ্রহে গিয়ে বাধা মুখে পড়েন ত্রিপুরার দিনরাত চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিক। ঘটনাস্থলেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় আইপিএফটি সমর্থকরা। আগরতলা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ত্রিপুরার আইপিএফটি এবং সিপিএমের আদিবাসী সংগঠন টিআরইউজিপির মধ্যে অশান্তি চলছে। তারই খবর সংগ্রহে গিয়েছিলেন শান্তনু। রাজ্য বিজেপির শরিক আইপিএফটি সমর্থকদের করা রাস্তা অবরোধ পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এই সাংবাদিক। এই সময়ই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। ঘটনায় এখনও পর্যন্ত আইপিএফটির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

উপজাতিদের উস্কানি দিয়ে, তাঁদের ভুল বুঝিয়ে ত্রিপুরায় অশান্তি তৈরি করছে বিজেপি – মঙ্গলবারই এই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তারপরই বুধবারের এই ঘটনা। সাংবাদিক হত্যার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। নিন্দায় সরব হয়েছে সিপিআইএমএল লিবারেশনও। ঘটনার জেরে সারাদিন ত্রিপুরার বিভিন্ন চ্যানেল সংবাদ সম্প্রচার বন্ধ রাখে।  
 

Developed by DXDasia