
ভারতের জলসীমার মধ্যেই এই আবিষ্কার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার
কয়েক লক্ষ টন দুর্মূল্য ধাতু ও খনিজ পদার্থের সন্ধান মিলল সমুদ্রের গভীরে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা ভারতের জলসীমার মধ্যেই সমুদ্রের তলায় খুঁজে পেলেন লাইম মাড, ফসফেট ও ক্যালকেরাস সমৃদ্ধ পদার্থ, মাইক্রোনডিউলস, মেটালিফেরাস ডিপোজিট ও হাইড্রোকার্বন। ২০১৪-এর শুরুর দিকেই সন্ধান পাওয়া যায় এগুলির। মূলত বেঙ্গালুরু, মান্নার বেসিন, চেন্নাই, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ সংলগ্ন সমুদ্রেই পাওয়া গেছে এইসব ধাতু ও খনিজ পদার্থ।
তিন বছর ধরে অনুসন্ধান চালানোর পর প্রায় ১,৮১০০ বর্গকিলোমিটার এলাকাকে ‘হাই-রেজোলিউশন সমুদ্র খাত’ হিসেবে চিহ্নিত করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বিশেষভাবে নির্মিত তিনটি জাহাজ অনুসন্ধান চালাচ্ছে সমুদ্রের গভীরে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র সুপারিন্টেন্ডেন্ট জিওলজিস্ট আশিস নাথ জানান, ভবিষ্যতে আরও উল্লেখযোগ্য আবিষ্কারের বিষয়ে আশাবাদী বিজ্ঞানীরা।
