রাইকা পাহাড় ও সাতগুড়ুম নদীর মধ্যিখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য

পর্যটকদের জন্য আবার খুলে যাচ্ছে দুয়ারসিনি। একসময় জয়চণ্ডী পাহাড় বা পঞ্চকোটের সঙ্গে তাল মলিয়ে লোক টানত এই পর্যটনকেন্দ্র। রাইকা পাহাড় ও সাতগুড়ুম নদীর মধ্যিখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ২০০১-এর ফেব্রুয়ারিতে বন উন্নয়ন নিগম জঙ্গলের মধ্যে তিনটি কটেজ বানিয়ে ‘দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র’ নাম দিয়ে শুরু করে যাত্রা। অথচ ২০০৩-০৬ এর মধ্যে একাধিক মাওবাদী উপদ্রবে অনেকটাই কমে আসে পর্যটকদের আনাগোনা। দুয়ারসিনির কটেজগুলির আলো, আসবাব চুরিও হয়ে যায় কিছুদিনের মধ্যেই।

২০১১-এর পর থেকে অনেকটাই কমে আসে মাওবাদী উৎপাত। ২০১৫-১৬ অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে দুয়ারসিনির তিনটি কটেজ নতুন করে গড়ে তোলার জন্য ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সংশ্লিষ্ট এক কর্তা জানিয়েছেন, পুজোর আগেই আবার খুলে যাবে দুয়ারসিনির দরজা

 

কীভাবে যাবেন
পুরুলিয়ায় অবস্থান হলেও ঝাড়খণ্ডের ঘাটশিলা অথবা গালুডি হয়ে দুয়ারসিনি পৌঁছনো সুবিধাজনক। হাওড়া থেকে সকাল ৬-৫৫ মিনিটে ছাড়ছে ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটি ঘাটশিলা পৌঁছচ্ছে সকাল ৯-৫২ মিনিটে। আর গালুডি পৌঁছচ্ছে সকাল ১০-০৩ মিনিটে। ঘাটশিলা থেকে দুয়ারসিনি ২০ কিলোমিটার এবং গালুডি থেকে ১৩ কিলোমিটার। স্টেশন চত্বর থেকে গাড়ি পাবেন। কলকাতা থেকে গাড়িতে এলে বান্দোয়ান হয়ে আসতে হবে দুয়ারসিনি। কোথায় থাকবেন: এখানে থাকার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের কটেজ। যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়: ৬-এ, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, কলকাতা-৭০০০১৩ (ফোন নম্বর: ০৩৩-২২৩৭০০৬০/033-22370060 এবং ০৩৩-২২৩৭০০৬১/033-22370061)।

 

Developed by DXDasia