
নতুন রূপে সাজতে চলেছে আলিপুর সংশোধনাগার
আলিপুর সংশোধনাগার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরে। ধাপে ধাপে সব বন্দিদের সেখানে স্থানান্তর করা হয়েছে। এবার সংশোধনাগারের সেই ফাঁকা আলিপুর চত্বরে নতুন প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার।
১৯০৬ সালে আদিগঙ্গার পাশে তৈরি হয়েছিল এই বিশাল কারাগার। জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং আরও কতো প্রাতঃস্মরনীয় স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দি থেকেছেন। এখানে ফাঁসির মঞ্চে শহিদ হয়েছেন দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, অনন্তহরি মিত্রের মতো বিপ্লবীরা। স্বাধীনতার পরও কানু সান্যাল, সৌরেন বসুর মতো গণ-আন্দোলনকারীরাও বন্দি জীবন কাটিয়েছেন। সে সবই এখন ইতিহাস। এবার সেই বন্ধ হয়ে যাওয়া আলিপুর সংশোধনাগার চত্বরে ‘খেলশহর’ প্রকল্প গড়ে তোলা হবে। হেরিটেজ অংশটিকে অবিকৃত রেখে গোটা প্রকল্প রূপায়নে খরচ হবে সাড়ে ৭ হাজার কোটি টাকা।
